img

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়া।

মস্কো জানায়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তারা পায়নি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের আক্রমণ অব্যাহত রাখলেও মস্কো এখন পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ দেখেনি।

তিনি বলেন, ‘আমরা এখনও এমন কোনো প্রমাণ দেখছি না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, যা ছিল এই যুদ্ধের প্রধান, এমনকি একমাত্র অজুহাত।’

তিনি আরও বলেন, ইরানের ওপর এই হামলার প্রভাব পুরো অঞ্চলজুড়ে অনুভূত হচ্ছে এবং আরব দেশগুলো এর অর্থনৈতিক ক্ষতি ও দুর্ভোগ পোহাচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, এই যুদ্ধ প্রয়োজন ছিল ইরানের পরমাণু অস্ত্র বানানো ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি থামানোর জন্য।

যদিও ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছার কথা অস্বীকার করে আসছে। একই সঙ্গে মার্কিন-ইসরাইলি হামলাকে উসকানি ছাড়াই আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে তেহরান।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল। যদিও ইসলামি প্রজাতন্ত্রের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর জন্য যে চুক্তি ছিল সেখানে থেকে ২০১৮ সালে বেরিয়ে গেছেন ট্রাম্প। সমঝোতা চুক্তিতে সই করার মাত্র তিন বছরের মধ্যে নিজেদের প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ